সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইয়ের ঘটনায় ২ জন গ্রেপ্তার
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা মালামাল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা ট্যাবলেটও পাওয়া গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
ডিবির এই কর্মকর্তা জানান, রাজধানীর একটি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মালামাল উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন রিকশায় করে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বগুড়া থেকে ঢাকায় এসে হাসপাতালে যাওয়ার পথেই ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান তিনি।
Comments