বৃষ্টি কমে বাড়ছে গরম, কয়েক বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা
দেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কমেছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়ছে। তবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় থাকায় দেশের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের সার্বিক তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আওতায় রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলা। তবে কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
মঙ্গলবার দেশের ২৫টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এদিন ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হলেও এখনো গরমের অস্বস্তি পুরোপুরি দূর হয়নি। তবে বৃষ্টির পরিমাণ বাড়লে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি কয়েকটি এলাকায় তাপপ্রবাহের প্রভাবও কমে আসতে পারে।
Comments