আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশের কঠোর সতর্কতা
রাজধানীর গুলশানের মতো অন্যান্য স্থানেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পুনরাবৃত্তি রোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করার পাশাপাশি আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের মিছিল ও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে সব গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লক চেকসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে বাইরে থেকে অপরাধীরা রাজধানীতে ঢুকে অপরাধ করতে না পারে। ঢাকার আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি ভাড়াটিয়া তথ্য ফরমের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে বলা হয়েছে।
ছিনতাই প্রতিরোধে ওসিদের মাঠে থেকে অপারেশনাল কার্যক্রম তদারকি করতে হবে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অবৈধ বারের বিরুদ্ধে খোঁজ নিতে হবে। সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, নিরাপত্তার ক্ষেত্রে কোনো এলাকায় যেন শূন্যতা বা দায়িত্বে ঘাটতি তৈরি না হয়।
সম্প্রতি রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের পর পুলিশি অভিযানে এখন পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
Comments