ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানীর গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। ওই ঘটনার পর থেকেই তাদের ধরতে ধারাবাহিক সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।
গত দুই দিনে পুলিশ মোট ৭২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই ওই শুক্রবারের মিছিলটিতে অংশ নিয়েছিলেন। তাদের অনেককে বর্তমানে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
Comments