নেপালের বন্যার্তদের সহায়তায় ম্যাকার্থারে বাংলাদেশি-নেপালি কমিউনিটির যৌথ উদ্যোগ
নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যৌথভাবে তহবিল সংগ্রহ করেছে অস্ট্রেলিয়ার ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি ও নেপালিজ কমিউনিটি। মানবিক এই উদ্যোগে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, কমিউনিটি ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
রোববার সিডনির মিন্টোতে অবস্থিত জমিদার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক কমিউনিটি চ্যারিটি ব্রাঞ্চে নেপালের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এই তহবিল সংগ্রহ করা হয়। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ ও ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেপালিজ কমিউনিটির সদস্যরাও সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে তহবিল সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেন হিউজের ফেডারেল সংসদ সদস্য ডেভিড মনক্রিফ এমপি, ক্যাম্বেলটাউনের মেয়র কাউন্সিলর ডার্সি লাউন্ড, মাননীয় আনুলাক চান্থিভং এমপি, ডেপুটি মেয়র কাউন্সিলর মাসুদ চৌধুরী, খলিল মুহাম্মদ মাসুদ, সম্মানিত আদিবাসী প্রবীণ আঙ্কেল ডেভিড বেল, মোহাম্মদ শফিকুল আলম, উষা খাডকা, মদন রাউত, মোয়ানা জে. স্ট্রিকল্যান্ড, ডায়ানা মাইলাটা, জুই সেন, মিনা শেখ, খালেদা কায়সার, পূরবী পারমিতা বোস, মিলি ইসলাম, নাসরিন মোফাজ্জল, আরফিনা মিতা, রুমানা হক ও শাহনাজ আক্তার লিপি।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভারপুল কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার সম্পাদক সৈয়দা ইশরাত ফেরদৌস, বাংলাদেশ অস্ট্রেলিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মতিন, বাংলাদেশি জার্নালিস্ট ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি হুমায়ুন কবির রোজ এবং সহ-সভাপতি গালিব ইবনে রিয়াজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ বলেন, প্রবাসে বসবাস করলেও বিশ্বের যেকোনো প্রান্তের মানবিক সংকট মানুষের হৃদয়কে নাড়া দেয়।
তিনি বলেন, 'নেপালের মানুষ যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদার সহযোগিতার কারণেই তহবিল সংগ্রহের এই উদ্যোগ সফল হয়েছে'।
আশিকুর রহমান অ্যাশ আরও বলেন, এই আয়োজন শুধু অর্থ সংগ্রহের একটি কর্মসূচি নয়; এটি ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি ও নেপালি কমিউনিটির পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিক সংহতিরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বন্ধুত্বের বন্ধনে বাংলাদেশি ও নেপালি কমিউনিটি
ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি ও নেপালিজ কমিউনিটির মধ্যে দীর্ঘদিন ধরেই সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন কমিউনিটি কার্যক্রমে দুই দেশের মানুষ একসঙ্গে কাজ করেছেন।
নেপালের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এই যৌথ উদ্যোগ দুই কমিউনিটির সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে প্রবাসী সমাজে মানবিক সংকটে একে অপরের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, দুঃসময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল দর্শন। তহবিল সংগ্রহে অংশ নেওয়া অতিথি, দাতা, স্বেচ্ছাসেবক এবং দুই কমিউনিটির প্রত্যেক সদস্যের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নতুন মেয়রকে বিশেষ সম্মাননা
সম্প্রতি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় কাউন্সিলর মাসুদ চৌধুরীকে অনুষ্ঠানে বিশেষভাবে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে ক্যাম্বেলটাউন আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও বহুসাংস্কৃতিক কমিউনিটি হিসেবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ম্যাকার্থার অঞ্চলের বাংলাদেশি ও নেপালি কমিউনিটির দীর্ঘদিনের বন্ধুত্ব ও সুসম্পর্কের এটি একটি প্রতিফলন। নেপালের এই কঠিন সময়ে দুই কমিউনিটি একসঙ্গে দাঁড়িয়ে যে সংহতি ও সহমর্মিতার প্রকাশ ঘটিয়েছে, তা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় পারস্পরিক সহযোগিতার একটি অনুকরণীয় উদাহরণ।
তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন উদ্যোগে দুই কমিউনিটির এই সহযোগিতা অব্যাহত থাকবে।
Comments