সার নিয়ে অনিয়ম ঠেকাতে কৃষি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
দেশের সার সরবরাহ, মজুদ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। মাঠপর্যায়ে সারের সংকট, সরবরাহে বিঘ্ন, অনিয়ম, অবৈধ মজুদ কিংবা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। এর কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে ২৭টি দল। প্রতিটি দলে থাকবেন একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক।
১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে কন্ট্রোল রুম পরিচালিত হবে। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় শিফট দায়িত্ব পালন করবে। কন্ট্রোল রুমের সার্বিক কার্যক্রম তদারক করবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
যেসব বিষয়ে নজর রাখবে কন্ট্রোল রুম
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সারের সরবরাহ, মজুদ, পরিবহন এবং বিতরণ পরিস্থিতির তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করবে কন্ট্রোল রুম। কোথাও সার পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে মজুদ, কালোবাজারি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানো হবে।
কোনও এলাকায় সার সংকটের সম্ভাবনা দেখা দিলে সেটি অগ্রাধিকার দিয়ে চিহ্নিত করা হবে। এরপর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশও করবে কন্ট্রোল রুম।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সার পরিস্থিতির সর্বশেষ তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্য পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
কৃষকের অভিযোগও নেওয়া হবে
কৃষক, সার ডিলার, পরিবহনকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ ও নথিভুক্ত করার দায়িত্বও থাকবে কন্ট্রোল রুমের। অভিযোগের গুরুত্ব অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।
জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিনের সার পরিস্থিতি, বিভিন্ন অভিযোগ, গৃহীত পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি
সার সরবরাহে সমস্যা, পরিবহন জটিলতা, গুদামে মজুদসংক্রান্ত সমস্যা কিংবা ডিলার পর্যায়ে অনিয়মের খবর পাওয়া গেলে দ্রুত যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত অভিযোগ বা গুরুত্বপূর্ণ তথ্যও পর্যবেক্ষণ করবে কন্ট্রোল রুম। এসব তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, টেলিফোন, মোবাইল ফোন, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগ ও তথ্য যথাযথভাবে গ্রহণ, নথিভুক্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এক শিফট থেকে পরবর্তী শিফটে দায়িত্ব হস্তান্তরের সময়ও সব গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।
সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য ০৫০৩৫১ ফোন নম্বর দেওয়া হয়েছে।
Comments