মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় অভিযান, ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 'মিনি ঢাকা' হিসেবে পরিচিত কোতারায়া বাংলা মার্কেটে অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কোতারায়া বাংলা মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিবাসন আইন লঙ্ঘন, ভিসার অপব্যবহার, জাল কাগজপত্র ব্যবহার, স্টুডেন্ট ভিসায় কাজ করা, ভ্রমণ ভিসার অপব্যবহার এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
স্থানীয় নাগরিকদের নিয়মিত অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনিয়মিতভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্ত ও আটকের জন্য এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
রোববার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কোতারায়ায় বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ছিল। অভিযান শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আটক ৪৭২ জনের মধ্যে সর্বাধিক বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি পুরুষ।
এ ছাড়া মিয়ানমারের ৫৭ জন নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৮ জন নারী। ফিলিপাইনের ১৮ জন নারী, নেপালের ৮ জন পুরুষ, পাকিস্তানের ৭ জন—৬ পুরুষ ও ১ নারী, ইন্দোনেশিয়ার ৭ জন—২ পুরুষ ও ৫ নারী এবং ভারতের ৬ জন পুরুষ নাগরিক রয়েছেন।
এ ছাড়া চীনের ৩ জন পুরুষ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক আটক হয়েছেন।
আটক ব্যক্তিদের প্রাথমিক তদন্তের জন্য জালান জুতা ও বুকিত জলিল এলাকায় রাখা হয়েছে বলে জানা গেছে।
মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি কর্মীদের পাশাপাশি তাদের নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
Comments