মিমির বিয়ের গুঞ্জন, প্রকাশ্যে এল হবু স্বামীর পরিচয়
টালিউডে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর। দীর্ঘদিন ধরে মিমির ভক্তদের মনে একটাই প্রশ্ন—কবে বিয়ের পিঁড়িতে বসবেন প্রিয় অভিনেত্রী? এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।
ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করছেন মিমি। শীতের আবহে পাহাড়ি পরিবেশে বিয়ের আয়োজন হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে কালিম্পংয়ের নাম।
তবে বিয়ের তারিখ বা আয়োজনের চেয়েও বেশি আগ্রহ তৈরি হয়েছে মিমির জীবনসঙ্গীকে ঘিরে। কে সেই মানুষ, যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী—এ নিয়েই এখন চলছে নানা আলোচনা।
এরই মধ্যে মিমির সঙ্গে এক ব্যক্তির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পূজার সময় বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই ওই ব্যক্তির সঙ্গে ছবিটি তোলা হয়। ছবিতে দুজনকেই বেশ স্বচ্ছন্দ ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।
প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। তিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত। তাঁর নাম সিদ্ধার্থ। যদিও বিয়ে কিংবা সম্পর্কের বিষয়ে এখনো মিমি বা সিদ্ধার্থ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আরও দাবি করা হচ্ছে, পূজার সময় থেকেই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমনকি তাঁদের সম্পর্ক বিয়ের দিকে এগিয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে এসব তথ্যের বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
বিয়েকে কেন্দ্র করে প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করছে সূত্র। কেনাকাটা থেকে শুরু করে অতিথিদের আমন্ত্রণ—বিভিন্ন কাজ এগিয়ে চলছে বলেও খবর। তবে শেষ পর্যন্ত ডিসেম্বরেই বিয়ে হচ্ছে কি না, সেটিই এখন দেখার বিষয়।
মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। সামাজিক মাধ্যমে তাঁকে প্রায়ই বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এতদিন এসব প্রশ্ন এড়িয়ে গেলেও সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে তাঁর একটি মন্তব্য নতুন করে বিয়ের জল্পনা উসকে দেয়।
জলপাইগুড়ির মেয়ে মিমি অভিনয়ে আসার আগে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে 'গানের ওপারে' ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে 'বাপি বাড়ি যা' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে 'বোঝে না সে বোঝে না'সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে টালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি। ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
সবকিছু ঠিক থাকলে পূজায় মুক্তি পেতে পারে সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র'। পাশাপাশি নতুন একটি সিনেমার কাজও শুরু করার কথা রয়েছে তাঁর।
কাজের ব্যস্ততার মধ্যেই যদি সত্যিই ডিসেম্বরের বিয়ের আয়োজন হয়, তাহলে বছরের শেষেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন মিমি চক্রবর্তী। তবে বিয়ের খবরটি এখনো অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
Comments