ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ, সরাসরি ভোটে হবে নেতৃত্ব নির্বাচন
জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এই ছাত্রসংগঠনের কাউন্সিলে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কাউন্সিলরদের সরাসরি ভোটে কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নেওয়া হবে।
কাউন্সিলের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সারা দেশ থেকে আসা তিন শতাধিক কাউন্সিলর গোপন ব্যালটে ভোট দিয়ে কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন।
ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের বটতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের পর একই স্থানে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলের রাজনৈতিক পর্ষদের সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
কাউন্সিল উপলক্ষে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা বের করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্যান্ড আর্ক হাসান, র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
প্রথম কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনভর ছাত্রশক্তির নেতাকর্মীদের উপস্থিতি এবং নানা কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
Comments