আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতি ঢুকে গেছে: জামায়াত আমির
আমাদের নিজস্ব সংস্কৃতির জায়গায় অপসংস্কৃতি বাসা বেঁধেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত 'রোড টু সিরাহ' শীর্ষক ২৬তম জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, "বিশ্বের প্রতিটি জাতিরই নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য থাকে। কিন্তু আমরা কালক্রমে আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে পিছিয়ে পড়েছি। ফলে আমাদের সংস্কৃতিতে অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে। সমাজে যদি উপযুক্ত উপায়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানো যায়, তবেই একটি জাতির জন্য সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়। প্রকৃত সুস্থ সংস্কৃতি হলো মূলত জ্ঞানের চমৎকার মেলবন্ধন।"
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের কথা স্মরণ করে তিনি আরও বলেন, "রাসুলে করিম (সা.)-এর পবিত্র জীবন ও কর্মের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, তাঁর এই মহান মিশন যতটা না একটি সাধারণ আন্দোলন ছিল, তার চেয়েও বড় ছিল এক অভূতপূর্ব সাংস্কৃতিক আন্দোলন। মানুষের চিন্তা ও ধর্মীয় ধারায় ইতিবাচক পরিবর্তন আনাটাই ছিল সেই মূল বিপ্লব। আল্লাহর অশেষ মেহেরবানিতে মহানবী (সা.)-এর হাত ধরেই সেই ঐতিহাসিক বিপ্লবের সফল বাস্তবায়ন ঘটেছিল।"
Comments