বক্তব্য প্রত্যাহারে দুদক মুখপাত্রকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
অনিয়মের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আখতারুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই নোটিশ পাঠান।
গত ২ সেপ্টেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুদক কর্মকর্তা আখতারুল ইসলাম বদলি, নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন আসিফ মাহমুদের বিরুদ্ধে। এমনকি ওই অভিযোগে 'প্রাথমিক সত্যতা' পাওয়া গেছে বলেও সেসময় দাবি করেছিলেন তিনি।
আইনি নোটিশে দুদক কর্মকর্তাকে আগামী ১৫ দিনের মধ্যে গণমাধ্যমের সামনে তাঁর ওই বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যথাযথভাবে যাচাই করা ও প্রমাণ সমর্থিত তথ্য ছাড়া এ ধরনের মানহানিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করা না হলে দুদক কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ দেশের প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
Comments