ভেনিসের হামলায় এবার যা জানাল বাঁধন
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসরে গিয়ে হামলার শিকার হওয়ার পর নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একই সঙ্গে সংকটের মুহূর্তে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে বাঁধন জানান, দীর্ঘ এই সময়ে তাকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।
তবে এসব কঠিন পরিস্থিতির মধ্যেও ইতিবাচক একটি উপলব্ধি হয়েছে বলে জানান 'রেহানা মরিয়ম নূর'খ্যাত এই অভিনেত্রী। তার ভাষ্য, কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই গুরুত্বপূর্ণ সমর্থন পাওয়া যায়।
কঠিন সময়ে সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশের দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন।
তিনি জানান, যখন তার সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন ছিল, তখন এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার পাশে দাঁড়িয়েছেন। নিজের কিছু মানুষ দূরে সরে গেলেও তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা তাকে শক্তি ও নিরাপত্তা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া যারা তার খোঁজ নিয়েছেন, পাশে থেকেছেন, দোয়া করেছেন কিংবা উৎসাহের কথা বলেছেন—সবার প্রতিও কৃতজ্ঞতা জানান বাঁধন। পোস্টের শেষ দিকে তিনি তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে রুবাইয়াত হোসেন পরিচালিত 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে যান বাঁধন।
এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থক ছিলেন।
ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন মহল থেকে তার প্রতি সমর্থনও জানানো হয়।
Comments