শেষ মুহূর্তে ইসলামী বইমেলার উদ্বোধনের সময় পরিবর্তন
অনিবার্য কারণে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুরু হতে যাওয়া মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধনের সময় পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায়।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় দেশের বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশক অংশ নিচ্ছেন।
মেলায় কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইয়েরও আয়োজন থাকছে।
এই বইমেলা মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।
পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Comments