সংসদে রুমিনের বক্তব্যে হট্টগোল, যা বললেন শফিকুর রহমান
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যাপক হট্টগোলের কারণে সংসদ সদস্য রুমিন ফারহানা কী বক্তব্য দিয়েছেন, তা তিনি শুনতে বা বুঝতে পারেননি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় হট্টগোল শুরু হলে দাঁড়িয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে প্রত্যেক সদস্যের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করা যেমন সংসদের দায়িত্ব, তেমনি নিজের মতামত তুলে ধরাও একজন সংসদ সদস্যের অধিকার। কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে কথা বলতে বাধা দেওয়া সংসদীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বক্তব্যে অসংসদীয় বা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় থাকলে স্পিকার প্রয়োজনীয় রুলিং দিতে পারেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী চাইলে ওই বক্তব্যের জবাবও দিতে পারেন। কিন্তু হট্টগোলের মাধ্যমে কোনো সদস্যের বক্তব্যই যদি শোনা না যায়, তাহলে তার বক্তব্য দেওয়ার অধিকার কার্যত বাধাগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সংসদ সদস্যরা তার কথাই শুনতে পারেননি। ফলে তিনি কী বলেছেন, তা স্পষ্টভাবে বোঝার সুযোগ হয়নি। এতে বক্তব্যটি যথাযথভাবে সংসদের রেকর্ডে কীভাবে থাকবে, সেটিও প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শফিকুর রহমান বলেন, এর আগের দিনও সংসদে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। সংসদে প্রত্যেক সদস্যের কথা বলার অধিকার ও অন্য সদস্যদের তা শোনার সুযোগ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে কার্যকর প্রতিকার কী হতে পারে এবং বক্তব্যের সঠিক রেকর্ড কীভাবে সংরক্ষিত হবে, তা স্পষ্ট করার জন্য তিনি সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।
Comments