শ্রমিক নেত্রী গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন
চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম 'অল্টারনেটিভস'।
বুধবার সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা চৌমুহনীতে এই কর্মসূচি পালিত হয়। অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির সংগঠক বিধান রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের অন্যতম সংগঠক দুর্জয় দাশ গুপ্তসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বিধান রঞ্জন বিশ্বাস বলেন, 'চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির আন্দোলনে সব সময় সামনের সারিতে ছিলেন। কিন্তু তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।'
সমাপনী বক্তব্যে দুর্জয় দাশ গুপ্ত বলেন, 'আজকের এই মানববন্ধন শুধু একজন মানুষের মুক্তির দাবি নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে, শ্রমিকের অধিকার, মানুষের মর্যাদা এবং ন্যায়বিচারের পক্ষে আমাদের সম্মিলিত অবস্থান। চা-বাগানের শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। চা শ্রমিকরা কোনো করুণা বা ভিক্ষা চায় না, তারা চায় তাদের ন্যায্য অধিকার ও সম্মানজনক জীবন।'
তিনি আরও বলেন, 'আজ অল্টারনেটিভসের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই—আমরা প্রতিহিংসা, দখল ও ভয় দেখানোর রাজনীতি চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শ্রমিক, কৃষক, নারী ও তরুণরা কথা বলবে এবং রাষ্ট্র তাদের কথা শুনবে।'
Comments