জরুরি চিকিৎসাসামগ্রী দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াল যুক্তরাষ্ট্র
জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা আরও জোরদার করতে বিশেষ চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে এই সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের 'ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম (ওএইচএএসআইএস)' প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে।
প্রদত্ত সহায়তার মধ্যে রয়েছে—জরুরি চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং কোস্ট গার্ড সদস্যদের উন্নত সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি বিশেষ ম্যানিকিন বা প্রশিক্ষণ ডামি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, 'এই সহায়তার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাথমিক চিকিৎসা প্রদান ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী হবে।'
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় হলো। একই সঙ্গে এটি দুই দেশের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক পর্যায়ে সক্ষম অংশীদারদের শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Comments