বাংলাদেশি ঐতিহ্য নিয়ে ফ্রান্সে দুইদিনব্যাপী বাংলার মেলা
ফ্রান্সের সেন্ট-ডেনিস এলাকার লাকর্ণব পার্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বাংলার মেলা। ৫ সেপ্টেম্বর শুরু হয়ে রবিবার দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে।
এসোসিয়েশন সেকানো বাঙালি এ মেলার আয়োজন করে। বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষে এ সংগঠন কাজ করে যাচ্ছে।
দুই দিনব্যাপী মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা আয়োজন। শিশুদের জন্য খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলায় বিভিন্ন ধরনের পোশাকের দোকান এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের দোকানের পসরা বসে।
মেলার উদ্বোধন করেন প্রেসিডেন্ট দু কনসেই ডিপার্টমেন্টাল দু লা সেইন-সাঁ-দেনি, স্তেফান ত্রুসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশন সেকানো বাঙালির সভাপতি শরুফ সোদেইল, লিগ্যাল এইডের এক্সিডেন্ট আজাদ মিয়া, কবি লোকমান আহমদ আপন, গ্লোবাল জালালাবাদের শাহেদ মিয়া, সাংবাদিক বদরুল বিন আফরোজ, কুদ্দুস মিয়াসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
মেলায় অংশ নেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ করে অনেকেই আনন্দ প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন বাংলাদেশকে বিশ্বের কাছে অন্যরকমভাবে পরিচিত করে তুলবে।বিশেষ করে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Comments