জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
আন্তর্জাতিক কূটনীতির সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় সূচিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক শপথ নেন।
শপথ গ্রহণ শেষে দেওয়া প্রথম ভাষণে ড. খলিলুর রহমান বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সাধারণ পরিষদের ভূমিকা আরও কার্যকর করার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেন।
জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন নবনির্বাচিত এই সভাপতি।
১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সরব উপস্থিতিতে আয়োজিত এই উদ্বোধনী বৈঠকের মাধ্যমেই অধিবেশনের মূল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
Comments