দীপ্তিময় সৌন্দর্যের রহস্য শেয়ার করলেন কিয়ারা আদভানি
বলিউডের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী কিয়ারা আদভানি। তার নিখুঁত ত্বক ও রূপের জাদুতে বরাবরই মুগ্ধ থাকেন ভক্তরা। সম্প্রতি 'টক্সিক' সিনেমায় ইয়াশের বিপরীতে তার দারুণ উপস্থিতি আবারও নজর কেড়েছে সবার। রূপালি পর্দায় তার এই দীপ্তিময় ও উজ্জ্বল ত্বকের আসল রহস্য কী—তা নিয়ে বেশ কিছুদিন আগে 'ইএলএলই ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
কীভাবে নিজের ত্বকের যত্ন নেন এবং কোন রুটিনটি মেনে চলেন কিয়ারা, তা পাঠকদের জন্য তুলে ধরা হলো:
কিয়ারার সকালের শুরু হয় এক গ্লাস পানি পানের মাধ্যমে। তার মতে, ভালো ত্বক শুধু বংশগত বা ডিএনএর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে সঠিক খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনের ওপর। মুখ পরিষ্কার করতে একটি জেন্টল জেল-বেসড ফেসওয়াশ ব্যবহার করেন তিনি। এরপর ত্বকের প্রয়োজন অনুযায়ী সিরাম ও ময়েশ্চারাইজার লাগান। বাইরে রোদে বা শুটিংয়ে তো বটেই, মেঘলা দিনে বা বর্ষাকালেও সানস্ক্রিন ব্যবহার করাকে অত্যন্ত জরুরি বলে মনে করেন কিয়ারা। তার পরামর্শ, বর্ষার দিনে নন-অয়েলি ফর্মুলার সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
মেকআপ সঠিকভাবে তুলে ফেলা এবং রাতে নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলা তার নিত্যদিনের অভ্যাস। কিয়ারার মতে, রাতের বেলা ত্বক নিজে থেকেই নিরাময় ও মেরামতের কাজ করে, তাই নাইট ক্রিম বা সিরাম ব্যবহার করা সমানভাবে গুরুত্বপূর্ণ।
রূপচর্চায় দাদি ও মায়ের কাছ থেকে শেখা প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া ফেসপ্যাকের ওপর ভরসা রাখেন এই অভিনেত্রী। রান্নাঘরের বিভিন্ন উপাদান দিয়ে নিজেই তৈরি করেন এসব প্যাক। সব মিলিয়ে পরিমিত খাবার, পর্যাপ্ত পানি পান এবং একটি সুষম জীবনধারাই ভেতর ও বাইরে থেকে সুন্দর করে তোলে বলে বিশ্বাস করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে 'ফুগলি' সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখা কিয়ারা 'কবির সিং', 'শেরশাহ' এবং 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-র মতো ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকমনে স্থায়ী আসন করে নিয়েছেন।
Comments