ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে সরকারকে কটূক্তি: তরুণ সিফাতের জামিন নামঞ্জুর
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার গাজীপুরের তরুণ সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি এবং রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।
গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার মো. সেকান্দার আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, 'গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা আয়োজনে মদদদাতা। পুলিশি তদন্তেও এর প্রমাণ মিলেছে। এসব বিষয় আদালতে উপস্থাপন করার পর বিচারক তার জামিন নামঞ্জুর করেন।' এ ছাড়া রিমান্ডের সময় এখনো শেষ হয়নি এবং পুলিশ চাইলে যেকোনো সময় রিমান্ড আবেদন করতে পারে বলে জানান তিনি।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি দাবি করেন, সরকারের হীন প্রচেষ্টার কারণেই জামিন নামঞ্জুর হয়েছে। তিনি বলেন, 'সিফাতকে আটকের পর পুলিশের প্রাথমিক বক্তব্য ছিল—তিনি সরকারপ্রধানকে কটূক্তি করেছেন। কিন্তু পরে তাকে পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে পাঠানো হয়, যা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে। আদালতকে বিষয়টি বোঝানোর পরও জামিন দেওয়া হয়নি।'
ঘটনার প্রেক্ষাপট: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারপ্রধান ও সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর বক্তব্য প্রচার করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তার ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে সিফাত দাবি করেন, তার বাসায় চলতি মাসে চার হাজার এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। অতিরিক্ত এই বিলের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওটিতে তিনি অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। এরপরই গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশ এবং পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Comments