উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির অলিম্পিক আয়োজন
উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির অলিম্পিক আয়োজন । কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে মাসব্যাপী চলে এ আয়োজন।
শনিবার, ৫ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের ক্রিকেটার্স কিচেনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শেষ হয় এবারের অফিস অলিম্পিকসের আনুষ্ঠানিক আয়োজন।
এর আগে ২০ জুন রাজধানীর মহাখালীতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির নিজস্ব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হয় এ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নাসির এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নাসির এ চৌধুরী বলেন, অফিস অলিম্পিকস কেবল জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়; বরং সাহস, অধ্যবসায়, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও দলগত কাজের মূল্যবোধকে আরও শক্তিশালী করার একটি উদ্যোগ। এমন প্রাণবন্ত ও সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে, আরও প্রাণোচ্ছল ও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে সবাইকে একত্রিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী বলেন, এমন আয়োজন অফিসের কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও প্রাণোচ্ছল ও আকর্ষণীয় আয়োজনের মাধ্যমে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।
মাসব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় মোট ৩১টি ইভেন্ট। বিজয়ীদের জন্য স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—তিন ক্যাটাগরিতে দেওয়া হয় মোট ৯৩টি পদক।
অফিস অলিম্পিকসের পাশাপাশি ফ্যামিলি ডে আয়োজনের মধ্য দিয়ে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। কর্মব্যস্ততার বাইরে এমন আয়োজন সহকর্মী ও পরিবারের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
এবারের প্রতিযোগিতায় প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে অংশ নেন ১২০ জন কর্মী। তাঁদের মধ্যে ৩৯ জন নারী ও ৮১ জন পুরুষ।
Comments