ছয় দফা বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি পাটওয়ারীর
রাষ্ট্র পরিচালনায় সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের স্বার্থে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় এই ছয় দফাই এক দফার আন্দোলনে পরিণত হবে, যার মূল দাবি হবে সরকারের পদত্যাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা ও অব্যবস্থাপনা এখন স্পষ্ট। তার অভিযোগ, জনগণের ৭০ শতাংশ গণরায়কে সরকার উপেক্ষা করেছে। এ কারণে সরকারের ওপর জনগণের আস্থা আর অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ওসমান হাদিসহ নিহতদের হত্যার বিচার দাবি করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলনের মাঠ থেকে সরে যাবেন না।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। শহীদদের আত্মত্যাগ এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
লংমার্চ কর্মসূচির আয়োজক ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয়টি দাবি সামনে আনা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জ্বালানি ও সারের সংকট দূর করা এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় দলীয়করণ বন্ধ করা।
পথসভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান। সঞ্চালনা করেন সংগঠনটির জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।
Comments