টিকটকে চালু হচ্ছে ৩ নতুন ফিচার
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের কমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ ও অংশগ্রহণ আরও বাড়াতে মন্তব্য বিভাগে একাধিক নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি।
নতুন সুবিধাগুলো চালু হলে টিকটক ভিডিওর কমেন্টে শুধু লিখিত বার্তা নয়, সর্বোচ্চ এক মিনিটের ভয়েস মেসেজও পোস্ট করা যাবে। পাশাপাশি কমেন্টের মাধ্যমে পোল বা ভোট আয়োজন এবং একই কমেন্টে একাধিক ছবি যুক্ত করার সুযোগ থাকছে। বিশ্বজুড়ে পর্যায়ক্রমে এসব সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে টিকটক।
নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো 'ভয়েস কমেন্ট'। এ সুবিধায় কমেন্ট লেখার পরিবর্তে মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে সর্বোচ্চ এক মিনিটের অডিও রেকর্ড করা যাবে। রেকর্ড করা ভয়েস বার্তা কমেন্ট হিসেবে প্রকাশের পর অন্য ব্যবহারকারীরা সেটি শুনতে পারবেন।
তবে ভয়েস কমেন্টের ক্ষেত্রেও টিকটকের কমিউনিটি গাইডলাইন প্রযোজ্য থাকবে। নীতিমালা ভঙ্গকারী কোনো বক্তব্য রয়েছে কি না, তা শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি টিকটকের কর্মীদের সহায়তাও নেওয়া হবে।
কমেন্ট বিভাগে পোল বা ভোট তৈরির সুবিধাও যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ভিডিও নির্মাতারা দর্শকদের কাছ থেকে সরাসরি মতামত নিতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে এবং ভোট দেওয়ার পর ফলাফল কমেন্ট বিভাগেই দেখা যাবে।
ছবি শেয়ারের ক্ষেত্রেও বাড়ছে সুবিধা। বর্তমানে একটি কমেন্টের সঙ্গে একটি ছবি যুক্ত করা গেলেও নতুন ফিচার চালু হলে একই কমেন্টে সর্বোচ্চ নয়টি ছবি একসঙ্গে পোস্ট করা যাবে। ফলে কোনো ভ্রমণ, অনুষ্ঠান বা বিশেষ মুহূর্তের একাধিক ছবি আলাদা আলাদা কমেন্ট না করে একই কমেন্টে শেয়ার করা সম্ভব হবে।
এ ছাড়া লাইভ ছবি কমেন্টে পোস্ট করার সুবিধাও বিশ্বব্যাপী চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির মতে, নতুন এসব ফিচারের মাধ্যমে কমেন্ট বিভাগে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি নিজেদের মতামত ও প্রতিক্রিয়া জানানোর সুযোগ আরও বিস্তৃত হবে।
টিকটকের প্রত্যাশা, লিখিত মন্তব্যের পাশাপাশি ভয়েস, ছবি ও ভোটের মতো ইন্টারঅ্যাকটিভ সুবিধা যুক্ত হওয়ায় ভিডিও ঘিরে ব্যবহারকারীদের কথোপকথন আরও প্রাণবন্ত হবে।
Comments