রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন এবং মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন রয়েছেন।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯টি ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়েছে।
এ সময় নগদ ১ হাজার ৫৪০ টাকা উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধারের কথাও জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
Comments