সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: শফিকুর রহমান
জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করায় জনগণ সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠার দাবিতে তারা রাজপথে নেমেছেন। একই সঙ্গে জনগণের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কারণে সরকারকে এর জবাব দিতে হবে।
জামায়াত আমির বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি পূরণ করেই তারা ঘরে ফিরবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় ঐক্যজোট এই লং মার্চের আয়োজন করে।
লং মার্চে অংশ নিতে শনিবার সকাল থেকেই নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে লং মার্চ।
শিমরাইলের অস্থায়ী মঞ্চের পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ ১১ দলীয় জোটের নেতারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার পর লং মার্চটি চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
Comments