বিনামূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও ও প্রোফাইলের সংখ্যা দিনের পর দম বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঝুঁকিও। এসব সমস্যা মোকাবিলায় সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর পরিকল্পনা করছে ফেসবুক।
নতুন এই ব্যাজ পেতে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে। এ জন্য নিজের একটি সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হতে পারে। ফেসবুক সেই ভিডিওর সঙ্গে অ্যাকাউন্টে থাকা ছবির মিল যাচাই করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে।
মেটার তথ্য অনুযায়ী, এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে বোঝা যাবে যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পেছনে একজন বাস্তব ব্যক্তি রয়েছেন। তবে এটি মেটার অর্থের বিনিময়ে দেওয়া 'মেটা ভেরিফায়েড' সাবস্ক্রিপশন সেবার মতো নয়। নতুন সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে চালু করা হবে।
যারা ভেরিফায়েড ব্যাজ পাবেন
নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—
- ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
- অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
- অ্যাকাউন্টে ভুয়া পরিচয়, প্রতারণা বা সন্দেহজনক কার্যক্রমের ইতিহাস থাকা যাবে না।
- পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে।
পরিচয় যাচাই শেষ হলে ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইলসহ মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ের মতো জায়গায় ভেরিফায়েড ব্যাজ দেখা যেতে পারে।
কেন এই উদ্যোগ
মেটার মতে, এআই প্রযুক্তির উন্নতির ফলে এখন খুব সহজেই বাস্তব মানুষের মতো দেখতে ভুয়া ছবি, ভিডিও ও প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। ফলে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খোলা এবং অনলাইনে প্রতারণার ঝুঁকিও বেড়েছে।
নতুন ভেরিফায়েড ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন, কোনো অ্যাকাউন্টের পেছনে সত্যিকারের ব্যক্তি রয়েছেন কি না।
তবে মেটা জানিয়েছে, ভেরিফায়েড ব্যাজ থাকা মানেই ওই ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য—এমনটি নয়। ব্যাজটি শুধু তার পরিচয় যাচাই করা হয়েছে, সেটি বোঝাবে। তাই ভেরিফায়েড অ্যাকাউন্টের সঙ্গেও যোগাযোগ বা অনলাইন লেনদেনের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেসবুক জানিয়েছে, ধাপে ধাপে এই বিনা মূল্যের ভেরিফায়েড ব্যাজ চালু করা হবে। প্রথমে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করার পর অন্য দেশগুলোতেও তা সম্প্রসারণ করা হতে পারে। তবে কোন কোন দেশে প্রথম ধাপে এটি চালু হবে, তা এখনো জানানো হয়নি।
Comments