সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী
বগুড়ার শিবগঞ্জে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী এবং তাঁর স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর বহরটি কিচক ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে চলে আসলে চালক তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের কৃষিজমিতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং তাঁর স্ত্রী নাজমা আরা বারী সামান্য আহত হন। গাড়ি থেকে উদ্ধারের পর তাঁদের প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া প্রতিমন্ত্রীর বডিগার্ডও এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত পথচারী নারীর নাম ফিরোজা বেগম (৫৫)। তিনি শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
Comments