বিশ্বজুড়ে হঠাৎ অচল চ্যাটজিপিটি, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ সেবা ব্যাহত হওয়ায় অনেক ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য ইনডিপেনডেন্ট'-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, কারিগরি সমস্যার কারণে চ্যাটজিপিটিতে প্রবেশের পর কিছু ব্যবহারকারীর ডিভাইসে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সেবা বিঘ্নিত হওয়ায় তথ্য খোঁজা, অফিসের কাজ ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কাজে সাময়িকভাবে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।
চ্যাটজিপিটির আকস্মিক এই অচলাবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ রসিকতা করে বলেন, চ্যাটজিপিটি কাজ না করায় দ্রুত কোনো প্রশ্নের উত্তর খুঁজতে এখন আবার নিজেদের জ্ঞান ও বুদ্ধির ওপরই নির্ভর করতে হচ্ছে।
চ্যাটজিপিটির সমস্যার প্রভাব শুধু মূল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ ছিল না। ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত বিভিন্ন তৃতীয় পক্ষের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও এর প্রভাব পড়ে। ফলে এসব প্ল্যাটফর্মের কিছু এআইভিত্তিক ফিচারও স্বাভাবিকভাবে কাজ করেনি।
তবে বিশ্বের বিভিন্ন দেশে চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যার খবর পাওয়া গেলেও বাংলাদেশে রাত পৌনে ১১টা পর্যন্ত স্থানীয় ব্যবহারকারীরা সেবাটি ব্যবহার করতে পেরেছেন।
Comments