নেপালে সুড়ঙ্গ থেকে ৯ দিন পর অলৌকিকভাবে ২ জন উদ্ধার
হিমবাহধসের ফলে সৃষ্ট আকস্মিক ঢলের ৯ দিন পর নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই অলৌকিক উদ্ধারের ঘটনায় নিখোঁজদের স্বজনদের মনে নতুন করে আশার আলো জেগেছে।
আজ শুক্রবার উদ্ধার হওয়া দু'জনের নাম সঞ্জয় শাহ (৩০) ও কবির মহারাজন (৪৫)। এর মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের যান্ত্রিক ফোরম্যান এবং কবির মহারাজন যান্ত্রিক সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় শাহ কথা বলার মতো অবস্থায় না থাকলেও, দ্বিতীয় ব্যক্তি কবির মহারাজন উদ্ধারের পর হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানান। তাঁদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুর হাসপাতালে পাঠানো হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের ভিডিওতে দেখা গেছে, কাদামাখা সুড়ঙ্গের ফাঁক দিয়ে একজনকে টেনে বের করার পর উদ্ধারকারীরা উল্লাস করছেন। অন্যদিকে, কাদায় মাখামাখি অবস্থায় দ্বিতীয় ব্যক্তিকে কমলা রঙের স্ট্রেচারে করে নেওয়ার সময় তাঁর দুই হাত প্রার্থনার ভঙ্গিতে জোড়া করা ছিল।
নেপালে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং এখনো পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সুড়ঙ্গের ভেতরে আটকে থাকা ব্যক্তিদের বাঁচাতে প্রকৌশলীরা সুড়ঙ্গের ভেতরে ক্রমাগত বাতাস বা অক্সিজেন পাম্প করে যাচ্ছেন।
শুধু ত্রিশূলী ৩এ প্রকল্প নয়, আরও অন্তত ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধার অভিযান চলছে। এসব সুড়ঙ্গে এখনও দেড়শতাধিক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নয় দিন পর সুড়ঙ্গ থেকে এই দুজনকে জীবিত উদ্ধারের ঘটনা নিখোঁজ শ্রমিকদের পরিবারের কাছে বড় এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে এবং অন্যদেরও জীবিত উদ্ধারের আশা জাগিয়েছে।
Comments