দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
Comments