রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় ডিএসসিসির উচ্ছেদ অভিযান
রাজধানী এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানটি পরিচালনা করা হয় রাজধানীর জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের স্বর্ণ গলি এলাকায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা এবং ডিএসসিসির ট্রেড লাইসেন্সবিহীন/মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ৩ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মানুষের/সেবা গ্রহীতাদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও পানি সরবরাহের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন হোটেলে সরবরাহকৃত পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক পরীক্ষাগারে পরীক্ষার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, স্থাপনা ও অবৈধভাবে রাখা যানবাহন অপসারণ করা হয়।
জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Comments