বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা, দুই পর্বে আয়োজনের পরিকল্পনা
আগামী জানুয়ারি মাসে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাবলিগ জামাতের উভয় পক্ষের (জুবায়েরপন্থী ও সাদপন্থী) মুরব্বিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হয়েছে এবং ইজতেমা আয়োজনের বিষয়ে উভয় পক্ষই তাদের প্রস্তাব উপস্থাপন করেছে। সবার সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।
সাদপন্থীদের প্রস্তাবের বিষয়ে তিনি জানান, জুবায়েরপন্থীদের দুই পর্ব শেষ হওয়ার পর তারা পর্যাপ্ত বিরতি দিয়ে রমজানের আগে এক পর্বে ইজতেমা করতে চায় অথবা চলতি নভেম্বর মাসের শেষ দিকে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে জুবায়েরপন্থীরা চাচ্ছে সাদপন্থীরা যেন অন্য কোথাও ইজতেমা করুক, কিন্তু সাদপন্থীরা এতে একমত নন।
মাওলানা সাদের বাংলাদেশ সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা উপলক্ষে মাওলানা সাদের দেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা ও ভিসা ছাড়পত্রের ওপর নির্ভর করছে।
এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। গত বছরের তুলনায় অপরাধের চিত্র ইতিবাচক রয়েছে এবং ছিনতাইয়ের প্রবণতাও কমেছে। এছাড়া পুলিশের ভেতরে যারা সরকারকে অসহযোগিতা করছে, তাদের চিহ্নিত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি চালু রাখা হয়েছে বলে জানান তিনি।
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের লাখো মুসল্লির নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
Comments