স্মার্টফোন চার্জ দেওয়ার সময় এই ৫ ভুলে নষ্ট হতে পারে ফোনের ব্যাটারি
স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অন্যতম প্রয়োজনীয় সঙ্গী। তবে ফোন ব্যবহারের পাশাপাশি চার্জ দেওয়ার ক্ষেত্রেও কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। সামান্য অসতর্কতায় যেমন চার্জিং কেবল নষ্ট হতে পারে, তেমনই দীর্ঘমেয়াদে ব্যাটারির কর্মক্ষমতাও কমে যেতে পারে।
ফোনে চার্জ হয়ে যাওয়ার পর অনেকেই কেবল ধরে টান দিয়ে চার্জার খুলে ফেলেন। এতে কেবলের ভেতরের সংযোগ ও কানেক্টরের ওপর চাপ পড়ে। নিয়মিত এভাবে টানাটানি করলে কেবল দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই চার্জার খুলতে হলে তার না ধরে কানেক্টরের শক্ত অংশটি ধরে ধীরে খুলে নেওয়া উচিত। ওয়াল সকেট থেকেও কেবল ধরে না টেনে অ্যাডাপ্টরটি ধরে খুলে নেওয়া নিরাপদ।
ক্ষতিগ্রস্ত কেবল ব্যবহার করা থেকে বিরত থাকুন
কেবলের বাইরের অংশ কেটে গেলে, ছিঁড়ে গেলে কিংবা ভেতরের তার দেখা গেলে সেটি ব্যবহার করা উচিত নয়। একইভাবে নিম্নমানের বা অনির্ভরযোগ্য চার্জার ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ। এসব চার্জার অতিরিক্ত গরম হয়ে ফোনের ক্ষতি করতে পারে। কেবল বা চার্জার নষ্ট হয়ে গেলে সেটি দ্রুত পরিবর্তন করাই ভালো।
ব্যাটারির চার্জ একেবারে শেষ করবেন না
ফোনের চার্জ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর চার্জ দেওয়ার অভ্যাসও এড়ানো ভালো। একই সঙ্গে প্রতিবার দীর্ঘ সময় ধরে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করার প্রয়োজন নেই। দৈনন্দিন ব্যবহারে ব্যাটারির চার্জ মোটামুটি ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করলে ব্যাটারির স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখায় সহায়ক হতে পারে।
চার্জ দেওয়ার সময় অতিরিক্ত গরম হতে দেবেন না
চার্জিংয়ের সময় ফোন অতিরিক্ত গরম হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা দরকার। মোটা কভার তাপ বের হতে বাধা দিলে প্রয়োজনে সেটি খুলে চার্জ দেওয়া যেতে পারে। বালিশের নিচে, বিছানার ওপর বা সরাসরি সূর্যের আলোতে ফোন রেখে চার্জ দেওয়া উচিত নয়।
এ ছাড়া চার্জে থাকা অবস্থায় দীর্ঘ সময় ধরে গেম খেলা, ভিডিও দেখা বা বেশি প্রসেসিং প্রয়োজন এমন কাজ করলে ফোনের তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই সম্ভব হলে চার্জ দেওয়ার সময় এ ধরনের কাজ এড়িয়ে চলাই ভালো।
নকল চার্জার ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন
ফোনের সঙ্গে দেওয়া চার্জার ব্যবহার না করে অনেকেই কমদামি বা অজানা ব্র্যান্ডের চার্জার বেছে নেন। এতে চার্জিংয়ের পাশাপাশি ফোনের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তাই ফোন নির্মাতার অনুমোদিত চার্জার অথবা নির্ভরযোগ্য ও সার্টিফায়েড ব্র্যান্ডের চার্জার ব্যবহার করা নিরাপদ।
ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে শুধু চার্জ দেওয়ার সময় নয়, চার্জার ও কেবল ব্যবহারের পদ্ধতির দিকেও নজর রাখা জরুরি।
Comments