‘সবাই বাংলাদেশি, কেউ সংখ্যালঘু নয়’: প্রধানমন্ত্রী
এ দেশে কেউ সংখ্যালঘু নয়—এমন মন্তব্য করে সবাইকে 'বাংলাদেশি' হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, "ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।"
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।" ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহিষ্ণুতা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। আমরা সবাই বাংলাদেশি।"
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের জনগণের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে জনগণ।"
বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি জানান, দেশের অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতির মাধ্যমে এখন দেশ পুনর্গঠনের পালা শুরু হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি প্রতীকীভাবে ৯ জন সেবাইত ও পুরোহিতের হাতে ভাতার চেক তুলে দেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সারা দেশের আরও ৬৪ জন সেবাইত ও পুরোহিতকে এই সম্মানি বা ভাতা প্রদান করা হয়।
Comments