শাপলা চত্বর হত্যা মামলা: ইনু-শাহরিয়ার কবিরসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের এই ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে, যার মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
বর্তমানে এই মামলায় গ্রেপ্তার রয়েছেন আটজন। তারা হলেন—সাবেক মন্ত্রী ডা. দীপু মনি,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান,পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক,নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা, সাংবাদিক মোজাম্মেল বাবু।
এছাড়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আদালতে আত্মসমর্পণ করলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি অন্য মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা হাসানুল হক ইনু এবং অপর আসামি আবদুর রাজ্জাককেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বাকি আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে দুটি মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে:
প্রথম অভিযোগ: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আবু বকর সিদ্দিকসহ ৩২ জনকে হত্যার ঘটনা।
দ্বিতীয় অভিযোগ: ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাদেক মিয়াসহ ২০ জনকে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অন্যান্য নিহতের ঘটনা।
এছাড়া রাশেদুল ইসলাম ও আবু ইউসুফসহ বহু মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো এবং নির্যাতনের মাধ্যমে গুরুতর আহত করার অভিযোগও আনা হয়েছে। প্রসিকিউশনের দাবি, এসব অপরাধ গণহত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন এবং রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত নিপীড়নের অন্তর্ভুক্ত।
Comments