বিএনপি দেশের মানুষের সাথে কখনও বেঈমানী করেনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি এই দেশের মানুষের সাথে কখনও বেঈমানী করেনি। বরং কৃষক শ্রমিক সহ শ্রমজীবী মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে নিজেদের জীবন উৎসর্গ করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সৃষ্টির সময়ে জীবনের মায়া ত্যাগ করে সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। দেশ স্বাধীনের পর নির্লোভ জিয়াউর রহমান ব্যারাকে ফিরে গেছেন। আবার ১৯৭৮ সালে দেশের এক ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণমানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ধারাবাহিকভাবে বাংলাদেশ যখনই ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে স্বৈরাচার এরশাদ সরকারকে হটিয়ে ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরবর্তীতে দীর্ঘ ১৭ বছর হাজার হাজার নেতাকর্মীদের আত্মোৎসর্গের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও ২০২৪ সালে আপামর জনসাধারণের সাথে এই দেশকে ফ্যাসীবাদ মুক্ত করেছে। দেশের মানুষের স্বার্থে আপোষহীন থেকে দেশ গড়ার কাজে বিএনপির নেতাকর্মীরা বার বার ঝাপিয়ে পড়েছে, কোনদিন বেঈমানী করেনি।
আজাদ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির নেতাকর্মীরা আসুন আমরা শপথ গ্রহণ করি শিষ্টাচার বহির্ভূত কোন কাজ যা জনগণের মনে কষ্টের জন্ম দেয় তা পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করে নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তুলি।
প্রতিমন্ত্রী এসময়, এই বছরে প্রতি উপজেলায় ১০হাজার ফ্যামিলি কার্ড, ১০ হাজার কৃষক কার্ড বিতরণ করা সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি আধুনিক বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রীর পরিকল্পনা কে ধারণ করে নেতাকর্মীদের সামনে পথ চলার আহবান করেন।
পঞ্চগড় শেরেবাংলা পার্কে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড আদম সুফী, যুগ্ম আহবায়ক ও জেলা জর্জ কোর্টের সরকারি কৌশুলী এড নাজমুল ইসলাম কাজল, এড. বারী, বিএনপির পাচ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ছাত্রদল সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।
এর আগে জেলা অডিটোরিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা পার্কে এসে সমাবেশ স্থলে মিলিত হয়। পরে সেখানে সদ্য প্রয়াত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন সর্ব স্তরের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, বোদা, আটোয়ারী, দেবীগঞ্জ, তেতুলিয়া ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Comments