রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৮
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৮৬টি মামলা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৮, ওয়ারী বিভাগে ৬৫, মতিঝিলে ৪৩, গুলশানে ৩৭, রমনায় ৩৩, উত্তরা বিভাগে ৩১ এবং লালবাগ বিভাগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় পুলিশের সদস্যরা ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা ও ২৬ পুরিয়া হেরোইন উদ্ধার করেন। এ ছাড়া ৯টি মোবাইল ফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড জব্দ করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
Comments