বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন তা হবে না: সালাম পিন্টু
বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আর বিএনপি করবেন; তা হবে না। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না বলে জানিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাউপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সমস্ত প্রকার মাদক বন্ধ করতে হবে। দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। জিয়াউর রহমানের আদর্শের যারা আছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এমপি সালাম পিন্টু বলেন, তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজকে দমন করতে হবে।
চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু আমাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার জায়গা থেকে চাকরির জন্য চেষ্টা চালাতে হবে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Comments