পর্যটনের জন্য নেপালকে বর্জন না করার আকুতি মনীষা কৈরালার
ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালের অর্থনীতি ও পর্যটন খাতকে বাঁচিয়ে রাখতে আন্তর্জাতিক পর্যটকদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও নেপালের সন্তান মনীষা কৈরালা। তিনি অনুরোধ জানিয়েছেন, দুর্যোগের খবর দেখে পুরো নেপালকে যেন পর্যটনের জন্য বর্জন করা না হয়; বরং নিরাপদ এলাকাগুলোতে ভ্রমণ করে দেশটির পাশে দাঁড়ান পর্যটকেরা।
গত রোববার (৩০ আগস্ট) কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত 'ইন সলিডারিটি উইথ নেপাল' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে এই আহ্বান জানান জনপ্রিয় এই অভিনেত্রী।
অনুষ্ঠানে মনীষা বলেন, নেপালের প্রতি বিশ্বের মানুষের যে ভালোবাসা ও সমর্থন রয়েছে, তা এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। তবে সেই সমর্থন শুধু সহানুভূতির মধ্যে সীমাবদ্ধ না রেখে নেপালের পর্যটন খাতের হাত শক্ত করার অনুরোধ জানান তিনি।
নেপালকে কেবল সংকট ও বিপর্যয়ের দেশ হিসেবে দেখার মানসিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনীষা বলেন, 'আপনারা বারবার নেপালের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তা যেন অব্যাহত থাকে। আমরা চাই না, আমাদের শুধু এমন একটি দেশ হিসেবে দেখা হোক, যেখানে সব সময় দুর্যোগ বা সংকট লেগেই থাকে। আমরা চাই আপনারা আমাদের দেশে আসুন, ভ্রমণ করুন।'
নেপাল-তিব্বত সীমান্তের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তবর্তী কিছু এলাকায় পরিস্থিতি অত্যন্ত কঠিন হলেও দেশের সব জায়গা একইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। তাই নেপালের অন্যান্য অঞ্চলের পর্যটন কার্যক্রম স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। মনীষা আরও বলেন, 'হ্যাঁ, সীমান্ত এলাকায় দুর্যোগ হয়েছে। কিন্তু পর্যটনই আমাদের প্রাণ। দেশের বাকি অংশগুলোতে পর্যটকদের উপস্থিতি আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সাহায্য করবে।'
দুর্যোগের খবরের আড়ালে নেপালের মূল পরিচিতি যেন হারিয়ে না যায়, সে বিষয়েও জোর দেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, 'আমরা এমন একটি দেশ হিসেবে পরিচিত হতে চাই না, যেখানে সব সময় সমস্যা লেগেই থাকে। আমরা চাই আমাদের মূল পরিচিতি হোক সুন্দর আবহাওয়া, রাজকীয় হিমালয়, চমৎকার মানুষ, সমৃদ্ধ প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য।'
বক্তব্যের শেষে আন্তর্জাতিক পর্যটকদের সগৌরবে নেপাল ভ্রমণের আমন্ত্রণ জানান মনীষা কৈরালা।
Comments