পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে এডিবির ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন
পার্বত্য চট্টগ্রামে টেকসই ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৭ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই হাজার কোটি টাকার বেশি।
এই ঋণের অর্থে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। এর ফলে পার্বত্য অঞ্চলের অন্তত ৮৮ হাজার নতুন পরিবার বিদ্যুৎ সেবার আওতায় আসবে।
এডিবি জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সিস্টেম লস ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে এবং জাতীয় গ্রিডের দক্ষতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে বছরে অন্তত ১৯ হাজার ৩০০ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ এড়ানো সম্ভব হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীর নিরাপদ ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির পথ সুগম হবে। এর ইতিবাচক প্রভাবে স্থানীয় মানুষের জীবিকার সুযোগ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণও উৎসাহিত হবে।
পার্বত্য অঞ্চলে বর্তমানে প্রায় ১৮ লাখ ৪০ হাজার মানুষের বসবাস, যার অর্ধেকের বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। দেশের জাতীয় পর্যায়ে বিদ্যুতায়নের হার বর্তমানে ৯৯ শতাংশের কাছাকাছি হলেও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে পার্বত্য অঞ্চলে গ্রিড সংযোগের হার এখনো তুলনামূলকভাবে বেশ কম। এডিবির এই অর্থায়নের ফলে সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
Comments