স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। সোমবার (৩১ আগস্ট) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং তারা এর জন্য বারবার জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও গণতন্ত্র অধরাই রয়ে গিয়েছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে প্রকৃত গণতন্ত্রের সূচনা হয়।
২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিগত নির্বাচনগুলোকে 'প্রহসন' হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, এসব নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত করা হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বৈরাচারের অবসান ঘটে এবং সর্বশেষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই শক্তিশালী ও কার্যকর সংসদ গঠন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের কার্যকর ভূমিকা, আন্তর্জাতিক আদালতে দেশের সমুদ্রসীমা সংক্রান্ত মামলার শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, প্রতিনিধিদলের সদস্য, সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments