রংপুরে চার খুন: গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী।
নিরাপত্তাজনিত কারণে গত রবিবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে দুই আসামির নমুনা সংগ্রহ করে ডিবি পুলিশের একটি দল। এ সময় রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন। সংগৃহীত নমুনা পরীক্ষা করে এমফিটামিনসহ কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর নগরীর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
Comments