‘খারগ দ্বীপ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে’: এআই ভিডিও পোস্ট করে ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা তৈরি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে, ইরানের জ্বালানি খাতের প্রধান কেন্দ্র 'খারগ দ্বীপ' বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তবে রয়টার্সের ইমেজ-ডিটেকশন সফটওয়্যারে নিশ্চিত করা হয়েছে যে ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম এবং ওই জ্বালানি হাবে হামলার বাস্তব কোনো প্রমাণ মেলেনি।
নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, "খারগ দ্বীপ উড়িয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে!!!" তবে ছুটির দিন হওয়ায় হোয়াইট হাউস, পেন্টাগন বা ইরানি গণমাধ্যম তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যুদ্ধ শুরুর আগে ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে পরিচালিত হতো। ফলে এখানে হামলার অর্থ ইরানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেওয়া।
সম্প্রতি হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে ইরানের রকেট লঞ্চার লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়। এর জবাবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার বেশিরভাগই প্রতিহত করা হয়।
সামরিক উত্তেজনার পাশাপাশি তেহরান ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের অর্থ সহায়তাকারী ব্যাংকগুলোকে লক্ষ্য করে প্রতি সপ্তাহে নতুন 'সেকেন্ডারি নিষেধাজ্ঞা' আরোপ করা হচ্ছে।
এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ট্রাম্প প্রণালিটি উন্মুক্ত দাবি করলেও, ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে যে তাদের অনুমতি ছাড়া এই পথ দিয়ে কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়েই বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।
Comments