মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট প্রকাশ
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের আওতায় আনা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
সংশোধিত সীমানার আওতায় থাকা আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
ইসি সূত্রে জানা গেছে, নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ গঠনের কারণে মূলত প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংসদীয় আসনের সীমানার সামঞ্জস্য আনতেই এ সংশোধন করা হয়েছে। ফলে কাগজে-কলমে সীমানায় পরিবর্তন হলেও নির্বাচনী এলাকার বাস্তব ভৌগোলিক কাঠামোয় বড় কোনো পরিবর্তন হবে না।
ঠাকুরগাঁও-১ আসনটি ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। নতুন গেজেটে এ আসনের আওতায় রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত করা হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে এ দুটি নতুন উপজেলা গঠন করা হয়।
বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নতুন গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কয়েকটি গ্রাম আলাদা করে আখাউড়ার সঙ্গে যুক্ত করে বরিশল ইউনিয়ন গঠন করা হয়।
কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নতুন গঠিত বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার-১ আসনের সঙ্গে নতুন গঠিত মাতারমুহুরি উপজেলাকে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া পিরোজপুর-১ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের সীমানাতেও প্রশাসনিক পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন আনা হয়েছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নতুন প্রশাসনিক ইউনিট সৃষ্টির কারণে সীমানার সরকারি নথিতে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। তবে এর ফলে সংশ্লিষ্ট আসনগুলোর ভোটারদের নির্বাচনী এলাকা বাস্তবে পরিবর্তিত হচ্ছে না।
Comments