ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর
ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে ঘাতক বাসচাপায় নিহত হয়েছেন তিন বন্ধু। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), নয়ন শেখ (২৩) ও সজিব শেখ (২৪)। তারা সবাই একই এলাকার বাসিন্দা এবং একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে এক মোটরসাইকেলে করে তিন বন্ধু মিলে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন। ঘোরঘুরি শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির অজ্ঞাত যান তাদের মোটরসাইকেলটিকে সজোড়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক চয়ন প্রাণ হারান।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় নয়ন ও সজিবকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মধ্যরাতে দুজনেরই মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত যানের চাপায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজন মারা যান। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে একই গ্রামের তিন তরুণকে হারিয়ে পুরো লস্করদিয়া জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
Comments