ফ্রিজে টয়লেট পেপার রাখলে কি দুর্গন্ধ যায়?
রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র ফ্রিজ। রান্না করা খাবার, মাছ-মাংস, শাকসবজি, দুধ, ডিম ও ফলসহ নানা ধরনের খাদ্য সংরক্ষণে প্রতিদিনই এর ব্যবহার হয়। তবে নিয়মিত পরিষ্কার না করলে খাবারের নানা গন্ধ মিশে ফ্রিজের ভেতরে তৈরি হতে পারে অস্বস্তিকর দুর্গন্ধ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রিজের দুর্গন্ধ কমানোর একটি ঘরোয়া কৌশল বেশ আলোচনায় এসেছে। সেখানে দাবি করা হচ্ছে, ফ্রিজের ভেতরে একটি নতুন টয়লেট পেপারের রোল রাখলে আর্দ্রতা ও দুর্গন্ধ কমতে পারে। কিন্তু পদ্ধতিটি আসলে কতটা কার্যকর?
টয়লেট পেপার কেন কিছুটা কাজে আসতে পারে?
টয়লেট পেপার মূলত সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি। এর গঠনে থাকা ক্ষুদ্র ফাঁক কিছুটা আর্দ্রতা শোষণ করতে পারে। ফলে ফ্রিজের ভেতরে অতিরিক্ত স্যাঁতসেঁতে ভাব থাকলে টয়লেট পেপার সামান্য আর্দ্রতা টেনে নিতে পারে।
তবে এর অর্থ এই নয় যে টয়লেট পেপার ফ্রিজের দুর্গন্ধের মূল কারণ দূর করে বা ফ্রিজকে জীবাণুমুক্ত করে।
দুর্গন্ধের কারণ কী?
ফ্রিজে দুর্গন্ধের অন্যতম কারণ হলো কাঁচা মাছ-মাংস, পেঁয়াজ-রসুন, পনির, রান্না করা খাবার কিংবা দীর্ঘদিন পড়ে থাকা খাবার। কোনো খাবার নষ্ট হয়ে গেলে সেখান থেকে আরও তীব্র গন্ধ ছড়াতে পারে।
এ ছাড়া খাবারের ঝোল, তরল বা অন্যান্য অবশিষ্টাংশ ফ্রিজের তাক, ড্রয়ার কিংবা নিচের অংশে পড়ে থাকলেও দুর্গন্ধ তৈরি হতে পারে। এসব উৎস পরিষ্কার না করলে শুধু টয়লেট পেপার রেখে গন্ধ পুরোপুরি দূর করা সম্ভব নয়।
জীবাণু দূর করবে কি টয়লেট পেপার?
না। টয়লেট পেপার কিছুটা আর্দ্রতা শোষণ করতে পারলেও এটি কোনো জীবাণুনাশক নয়। তাই ফ্রিজে থাকা ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু ধ্বংস করার ক্ষমতা এর নেই। ফলে ফ্রিজে দুর্গন্ধ দেখা দিলে টয়লেট পেপারের রোল রাখার পাশাপাশি মূল কারণটি খুঁজে বের করা জরুরি।
দুর্গন্ধ দূর করতে যা করবেন
প্রথমে ফ্রিজ থেকে মেয়াদোত্তীর্ণ, নষ্ট বা সন্দেহজনক খাবার সরিয়ে ফেলতে হবে। এরপর তাক, ড্রয়ার ও খাবারের পাত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে। কোথাও খাবারের তরল পড়ে থাকলে সেটিও পরিষ্কার করা জরুরি।
খাবার সবসময় ঢাকনাযুক্ত পাত্রে রাখা ভালো। কাঁচা মাছ-মাংস আলাদাভাবে ভালোভাবে প্যাক করে সংরক্ষণ করলে খাবারের গন্ধ ছড়িয়ে পড়াও কমে।
তাই টয়লেট পেপারের রোল সামান্য আর্দ্রতা শোষণে সহায়তা করতে পারে, কিন্তু ফ্রিজের দুর্গন্ধের স্থায়ী সমাধান এটি নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাবার সঠিকভাবে সংরক্ষণ করাই দুর্গন্ধ কমানোর সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Comments