সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ কথা জানানো হয়। শনিবার বিষয়টি দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়।
নির্দেশনা অনুযায়ী, কোনো উপজেলায় তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা যাবে। পরে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি রয়েছে এবং ভবিষ্যতে যেসব উপজেলায় কমিটি হবে, সেসব ইউনিটকে ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।
উপজেলা নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বয়সের বিষয়েও কিছু নির্দেশনা দিয়েছে এনসিপি। উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি এবং সদস্যসচিবের বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। তবে সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে ইতোমধ্যে প্রার্থী হওয়া ব্যক্তি বা সম্ভাব্য প্রার্থীদের আহ্বায়ক কিংবা সদস্যসচিব হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিবের অন্তত একজনকে শহর বা শহরের আশপাশের এলাকার বাসিন্দা হতে হবে। দুজনই ওই এলাকার হলে সেটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হবে।
নেতৃত্ব নির্বাচনে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং দলের প্রতি আনুগত্যের পাশাপাশি পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে দলটি। প্রতিটি উপজেলা কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী সদস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
আগামী ২৯ সেপ্টেম্বর জেলা ইউনিটগুলোর আহ্বায়ক ও সদস্যসচিবদের উপজেলা কমিটি গঠনের অগ্রগতি নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন জমা দিতে হবে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে প্রস্তুত করার লক্ষ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments