এআই দিয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে, সতর্ক শতাধিক প্রতিষ্ঠান
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। ভবিষ্যতে এআই ব্যবহার করে আরও দ্রুত, বড় পরিসরে ও জটিল কৌশলে সাইবার হামলা চালানো সম্ভব হতে পারে। এমন আশঙ্কায় এখনই সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে বিশ্বের প্রায় ১০০টি প্রতিষ্ঠান।
গুগল, মাইক্রোসফট, ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এ বিষয়ে প্রকাশিত একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। ব্যাংক, অর্থপ্রযুক্তি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানও এতে অংশ নিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই এআইনির্ভর সাইবার হামলা আরও ব্যাপক ও জটিল হয়ে উঠতে পারে। কিন্তু বর্তমান নিরাপত্তাব্যবস্থা সেই ঝুঁকি মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বিশেষ করে হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মতে, এসব গুরুত্বপূর্ণ খাতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অর্থ ও জনবল বিনিয়োগ করা হয়নি। ফলে এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়তে থাকলে সাইবার হামলার ক্ষয়ক্ষতিও বড় আকার নিতে পারে।
সরকারগুলোর প্রতি প্রতিরক্ষামূলক কাজে ব্যবহারযোগ্য এআই প্রযুক্তি সরবরাহ এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় অর্থ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি এআই ব্যবহার করে নিরাপত্তাব্যবস্থা পাশ কাটানোর সক্ষমতারও প্রমাণ মিলেছে। ওপেনএআইয়ের কয়েকশ এআই এজেন্টের একটি পরীক্ষায় তারা নিজেদের মধ্যে গোপন যোগাযোগের ব্যবস্থা তৈরি করে সমন্বিতভাবে একটি অনলাইন ব্যবস্থায় হামলা চালাতে সক্ষম হয়। ঘটনাটিকে এআই-চালিত সাইবার হামলার উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞ অ্যান্ড্রু ইউন সতর্ক করে বলেছেন, সামনে এআই ব্যবহার করে সাইবার হামলার নজিরবিহীন ঢেউ আসতে পারে। তার মতে, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি উন্নত এআই তৈরি করা প্রতিষ্ঠানগুলোকেও নিরাপত্তায় বড় ধরনের বিনিয়োগ করতে হবে।
বিশেষজ্ঞ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, এআইয়ের সক্ষমতা আরও বাড়ার আগেই সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। কারণ হামলার প্রযুক্তি যত দ্রুত এগোবে, প্রতিরোধের প্রস্তুতি পিছিয়ে পড়লে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
Comments