চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রী
পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে কোনো বাস চলাচল করছে না।
পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইক শহরের দিকে প্রবেশের চেষ্টা করে। নিয়মবহির্ভূতভাবে প্রবেশের অভিযোগে সেখানে থাকা পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা চালককে বাধা দিয়ে ফিরিয়ে দেন।
এ ঘটনার পর ওই ইজিবাইকচালক কয়েকজন সহযোগীকে নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হন বলে অভিযোগ রয়েছে। পরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর ও হেনস্তা করা হয়। একই সঙ্গে বাসটিতেও হামলা চালানোর অভিযোগ ওঠে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিক ও মালিকপক্ষ শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। আরাফাত নামে এক যাত্রী বলেন, বাস না চলায় সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিবহন শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার আলোকদিয়া এলাকায় ইজিবাইকচালক ও শ্রমিকরা জড়ো হয়ে একটি বাস আটকে দেন। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
Comments