উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে তিন সশস্ত্র গ্রুপের সংঘর্ষে মা–ছেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিনটি সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী রক্তক্ষয়ী সংঘর্ষ ও দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মা ও তাঁর ৭ বছরের শিশুসন্তান আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ ইস্ট) বি-৪০ ও বি-৪১ ব্লকে এই সংঘর্ষ চলে। গুলিবিদ্ধ দুজন হলেন ওই ক্যাম্পের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম (৩০) ও তাঁর ছেলে মোহাম্মদ ইউসুফ (৭)। বর্তমানে তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)—এই তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ত্রিমুখী সংঘর্ষ বাধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে এআরএ ও আরসা একসঙ্গে জোটবদ্ধ হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়েছে।
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই গোলাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
Comments